রাজধানীর ফার্মগেটে প্রকাশ্যে গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পর ফার্মগেটের স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই স্টার কাবাব সংলগ্ন একটি গলিতে গুলির শব্দ শোনা যায়। এতে দুজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন,
‘স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। আহত অবস্থায় তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।’
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আহত আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



