দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। গতকাল শনিবার সকালে এক দফা দাম বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় নতুন করে দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম আজ রোববার থেকে কার্যকর হচ্ছে।
সর্বশেষ ঘোষণায় ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে এখন এক ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী,
২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম হবে ভরিপ্রতি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা।
আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি দাঁড়াচ্ছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
এর আগে গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দরপতনের প্রভাবে দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল সোনার দাম। তবে পরদিন শনিবার সকালে ঠিক একই পরিমাণ দাম বাড়ানো হয়, যা বাজারে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দিনের শেষভাগে আবার দাম কমানোর ঘোষণা আসে।
গত এক সপ্তাহে দেশের সোনার বাজারে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা গেছে। সর্বশেষ গত মঙ্গলবার ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা দাম বাড়ে। তার আগের দিন সোমবার সকাল ও বিকেলে দুই দফায় মোট ১২ হাজার ১৪ টাকা কমানো হয়েছিল দাম। এরও আগে গত ২৯ জানুয়ারি এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছায় ভালো মানের সোনার দাম।
বাজুস জানিয়েছে, মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়। পশ্চিমা বিশ্বের শেষ কার্যদিবস শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৯৮ ডলার ৫৮ সেন্ট বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সোনার দাম দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৯৬৬ ডলার ২৬ সেন্ট।
ওঠানামা থাকলেও গত এক মাসে বিশ্ববাজারে সামগ্রিকভাবে সোনার দাম বেড়েছে প্রায় ৪১৫ ডলার, যা স্থানীয় বাজারে দামের এই অস্থিরতার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



