পবিত্র Eid al-Fitr সামনে রেখে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন দেখা যাচ্ছে। চলতি মার্চ মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১৯২ কোটি বা ১ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন Bangladesh Bank–এর মুখপাত্র Arif Hossain Khan।
তিনি জানান, মার্চের প্রথম ১১ দিনে দেশে আসা এই রেমিট্যান্সের হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৭ কোটি ৪৫ লাখ ডলার করে প্রবাসী আয় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ২০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে ঘিরে বিদেশে কর্মরত প্রবাসীরা দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রবাসী আয়ের প্রবাহে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কারণ বাংলাদেশের বড় একটি অংশের প্রবাসী শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত।



