নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। তাকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (দপ্তর) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ড বা অপকর্মের দায় দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর ভাটারা এলাকা থেকে খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়। পরে তাকে ফতুল্লার চাঁনমারী এলাকায় অবস্থিত জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
সজীবের আটকের কারণ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় যুবদলের এ বহিষ্কারাদেশ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
দলীয় সূত্রগুলো বলছে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে।



