31.7 C
Dhaka
Friday, July 17, 2026

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর, বিনিয়োগ বাড়ানোরও আহ্বান

শ্রমবাজার উন্মুক্তকরণ, বৈধকরণ, বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একাধিক বিষয়ে ঐকমত্য; বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে ‘নতুন অধ্যায়ের’ প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক কর্মীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়েও মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ ও আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।”

তিনি জানান, উভয় দেশই শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য ও কম ব্যয়বহুল করার বিষয়ে একমত হয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং শ্রমিকরা সরাসরি উপকৃত হন।

বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছি।”

সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা

বৈঠকে সংস্কৃতি, বিনিয়োগ ও সন্ত্রাসবাদবিরোধী গবেষণা ও সক্ষমতা উন্নয়ন সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ দলিল ও সমঝোতা স্মারক বিনিময় হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আজকের আলোচনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক সহযোগিতা

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকা প্রয়োজন।

এছাড়া আসিয়ানের (ASEAN) সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং আরসিইপি (RCEP)-এ যোগদানের আগ্রহের কথাও তুলে ধরেন তিনি।

আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সংবাদ সম্মেলনের শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ আপনাদের স্বাগত জানাতে গর্ববোধ করবে।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles