মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলছেন তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট। দেশের ক্রিকেটে ঐতিহাসিক এই মুহূর্তে প্রিয় সতীর্থ মুশফিককে অভিনন্দন জানাতে আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব আল হাসান।
নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুশফিকের সঙ্গে একটি পুরোনো টেস্ট ম্যাচের ছবি পোস্ট করে সাকিব লিখেছেন—
“লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি। সেদিন থেকে আপনি বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা।”
সাকিব আরও জানান, বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই তিনি মুশফিককে নিজের অধিনায়ক হিসেবে দেখেছেন।
“এখনও এবং সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক,”—লেখেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মুশফিকের শততম টেস্ট উপলক্ষে সাকিবের শুভকামনাও ছিল হৃদয়ছোঁয়া—
“১০০তম টেস্ট যেকোনো ক্রিকেটারের জন্যই ঐতিহাসিক অর্জন। প্রথম ম্যাচ যেমন দেখেছিলাম, তেমনি এই ম্যাচেও আপনার প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন। আর যদি এমন হতো—এই ম্যাচটি আপনার সঙ্গে খেলেই মাঠে আপনার অর্জন উদ্যাপন করতে পারতাম!”
বাংলাদেশ ক্রিকেটের দুই স্তম্ভ—মুশফিক ও সাকিব। একজন মাঠে নামছেন অনন্য মাইলফলক নিয়ে, আরেকজন শুভেচ্ছা জানাচ্ছেন দূর থেকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায়।
দেশের ক্রিকেটভক্তদের কাছে তাই আজকের দিনটি শুধু একটি ম্যাচ নয়, আবেগেরও।



