বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি এবং প্রেরণার উৎস। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে দোয়া, শুভকামনা ও সমর্থন জানানো হচ্ছে, তা জিয়া পরিবার ও বিএনপিকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি বলেন,
“নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিভিন্ন দেশের বন্ধুগণের উদ্বেগ আর জনগণের সীমাহীন ভালোবাসা আমাদের আবেগকে গভীরভাবে নাড়া দিচ্ছে।”
দেশবাসীর ভালোবাসাতেই শক্তি—তারেক রহমান
তারেক রহমান আরও লেখেন,
“দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি।”
তিনি কঠিন সময়ে জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হলেও উন্নতি তেমন হয়নি বলে জানা গেছে। নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা।
সোমবার গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মেডিকেল টিমের সঙ্গে তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন।
বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও শুভকামনার ধারা অব্যাহত রয়েছে।



