ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোককে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবং অনিবার্য কারণবশত আজ ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত থাকবে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়া হয় এবং রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর চালানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
হাদির মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



