ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন। তার এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এটি এক অপূরণীয় ক্ষতি।’
গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৫৮৫)।
আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয়ভাবে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।
ইনকিলাব মঞ্চের নেতা নাইম ইবনে জহির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।’
হাদির মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই তরুণ নেতার আত্মত্যাগকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।



