পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব ও নবগঠিত সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সংযমের চর্চার মাধ্যমে সমাজ থেকে হিংসা-প্রতিহিংসা দূর করে শান্তি, স্বস্তি ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সময়। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান।
বাণীতে মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা। এই মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। ১১ মাস অপেক্ষার পর আগত এই মাস অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ।
তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।’ তাই এই মাসের বিশেষত্ব অপরিসীম।
মির্জা ফখরুল আরও বলেন, রমজান ইবাদতের বিশেষ মওসুম। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুণাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি হয়। রোজার মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।
পবিত্র মাহে রমজানে সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে তিনি বলেন, ‘সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা ও পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এই হোক পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা।’



