বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-এর ছেড়ে দেওয়া এ আসনে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি বাদশাকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়নপত্র উত্তোলনের পর রেজাউল করিম বাদশা বলেন, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। বগুড়ার সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জেলার মানুষ উন্নয়ন চায় এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহাউদ্দিন নাহিন, সহিদ উদ নবী সালাম, কেএম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অন্যান্য নেতাকর্মীরা।
উপনির্বাচনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে। আগামী দিনগুলোতে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



