26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

দুর্নীতিতে জড়ালে চাকরি নয়, হবে মামলাও: আইনমন্ত্রীর কঠোর বার্তা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়েছেন—শুধু শোকজ করে দায় শেষ নয়, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও বিচারকদের সঙ্গে পৃথক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

১৩৩ অধ্যাদেশ বিল আকারে সংসদে

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে জারি হওয়া সব অধ্যাদেশই বিল আকারে সংসদে উপস্থাপন করা হবে। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের সময়ে করা ১৩৩টি অধ্যাদেশ পেশ করা হবে বলে জানান তিনি।

মাদক-সন্ত্রাসে জিরো টলারেন্স

মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও হানাহানি-মারামারির বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভাবমূর্তি নষ্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আইনসঙ্গত উপায়ে ‘ফ্যাসিস্টদের’ বিচার করতে বদ্ধপরিকর। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

নারী-শিশু নির্যাতনে কঠোর ব্যবস্থা

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইনমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের শেকড় উপড়ে ফেলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি মো. আবু তালিব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজালসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভা শেষে দুর্নীতিবিরোধী বার্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রীর কড়া অবস্থান প্রশাসনের মধ্যে নতুন বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles