26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘এআই যুগের উপযোগী শিক্ষা গড়ে তুলছে বিএনপি’ — তারেক রহমান

আধুনিক জ্ঞান–বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি। এমন ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের আয়োজনে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাবিষয়ক মেধা মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, “একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যেই বিএনপি ৩১ দফা ঘোষণার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে শিক্ষাবিদদের নিয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে, যারা সময়োপযোগী শিক্ষার রূপরেখা নিয়ে কাজ করছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সময়ে জ্ঞান–বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তিতে দক্ষ না হলে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। মেধাবিকাশের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম আর ইচ্ছাশক্তি। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।”

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুগের প্রেক্ষাপটে তারেক রহমান শিক্ষার্থীদের বিজ্ঞান, কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় পারদর্শী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “বিশ্ব এখন মেধা ও প্রযুক্তিনির্ভর। তাই মাদ্রাসা বা স্কুল—যেখানেই পড়াশোনা করো না কেন, তোমাদের লক্ষ্য হওয়া উচিত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে সম্মানজনক অবস্থানে পৌঁছানো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, “সংস্কারের কথা নতুন নয়, বিএনপিই প্রথম রাষ্ট্রসংস্কারের রূপরেখা দিয়েছে। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, কারণ আমরা সংস্কারে বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশা আল্লাহ গণতন্ত্রের ধারাকে দেশে পুনরুদ্ধার করা হবে। তারেক রহমানই সেই নেতৃত্ব দেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles