আগামী জাতীয় নির্বাচনে দেশের সব ৩০০ সংসদীয় আসনে বৃহত্তর সুন্নি জোট থেকে প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহেরী। সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ ঘোষণা দেন।
তাহেরী বলেন, দেশের ভিন্নমতাবলম্বী মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টি করে ভিন্নমতকে দমন করছে, যা শান্তিপ্রিয় জনগণের জন্য বড় উদ্বেগের বিষয়। তিনি অভিযোগ করেন, প্রতিবাদ করলেই তাঁদের ওপর অমানবিক অত্যাচার চালানো হচ্ছে।
“দেশের একমাত্র অহিংস ও শান্তিপ্রিয় দল আমরা”—তাহেরী
সুফীবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের সবচেয়ে শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহেরী বলেন—
“আমাদের দলের বিরুদ্ধে কোনো সহিংসতার রেকর্ড নেই। আগামী নির্বাচনে ন্যায়, সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়তে বৃহত্তর সুন্নি জোট ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত।”
সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান
তাহেরী বলেন,
“এই নির্বাচনে আমরা যেন ভুল সিদ্ধান্ত না নেই। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে, তবে আগামী সরকার আমরা–ই গঠন করব।”
রংপুরে আনছারীয়া কাদেরীয়া দরবারে যোগদান
সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াস উদ্দিন তাহেরী প্রাইভেট কারে রংপুরের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি রংপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থা আয়োজিত তাজদারে আউলিয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।



