রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ হিসেবে ১ হাজার ৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বুধবার (২৬ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মঙ্গলবার বিকাল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার ৫০০ ঘর পুড়ে যায়, নিঃস্ব হয়ে পড়ে বহু পরিবার।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের জন্য শুকনো খাবারের পাশাপাশি কম্বল, মশারি ও প্রয়োজনীয় অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবারও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, দেশি-বিদেশি এনজিও ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে এদিন একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়—বৃহস্পতিবার থেকেই এনজিও ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অতিরিক্ত ত্রাণ সহায়তা বিতরণ শুরু করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনও বস্তিবাসীদের সুবিধার্থে একাধিক মোবাইল টয়লেট স্থাপন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।



