হংকংয়ের একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৫ জন আশঙ্কাজনক, এবং ২৭৯ জনকে এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। ভবনের ভেতরে আটকে থাকা আরও অনেকের খোঁজ না মেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাঞ্চলের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দমকল বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ফায়ারফাইটার। ৮ শতাধিক দমকল সদস্য ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
১৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
হংকংয়ের দমকল বিভাগ এটিকে ‘পাঁচ মাত্রা’—অর্থাৎ সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। শুরুতে চার মাত্রা ঘোষণা করা হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা বাড়িয়ে পাঁচ মাত্রায় উন্নীত করা হয়। ১৭ বছরের মধ্যে এটাই প্রথম পাঁচ মাত্রার অগ্নিকাণ্ড।
ওয়াং ফুক কোর্টে রয়েছে ৮টি ব্লকে প্রায় ২ হাজার ফ্ল্যাট। ১৯৮৩ সালে নির্মিত এই ভবনগুলোর বাইরের দিকে সংস্কার কাজ চলছিল। ভবনগুলোর চারদিকে থাকা বাঁশ ও জালের কাঠামোর মধ্য দিয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা ভিডিও ফুটেজেও দেখা গেছে।
ঘটনাস্থলের ভয়াবহ দৃশ্য
প্রকাশিত ভিডিওতে দেখা যায়—
- পাশাপাশি একাধিক টাওয়ার আগুনে জ্বলছে
- নিচতলা থেকে ছাদ পর্যন্ত প্রায় সব তলা আগুনে গ্রাস
- জানালা দিয়ে বেরিয়ে আসছে শিখা
- ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে পুরো এলাকা
- দমকল বাহিনী উঁচু মই দিয়ে প্রাণপণ আগুন নেভানোর চেষ্টা করছে
কীভাবে আগুন লাগল, এখনো নিশ্চিত নয়
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ ও দমকল বিভাগ। নির্বাহী প্রধান জন লি জানিয়েছেন, তিনটি ভবনে বড় শিখা আর দেখা না গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
এদিকে নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।



