রাজধানীর কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় জমেলা টাওয়ার নামে ১২তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যে, সকাল ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে, ফলে ভবনের ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।



