অগ্রণী ব্যাংকের শত কোটি টাকার ট্রাস্ট রসিদ (টিআর) ঋণ আত্মসাৎ মামলায় ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার (জিএম) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকার ধানমন্ডির বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম নিশ্চিত করেছেন।
দুদকের মামলার নথি অনুযায়ী, অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আসাদগঞ্জ শাখা থেকে টিআর ঋণ হিসেবে বিতরণ করা ৫১ কোটি টাকা যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করা হয়। পরবর্তীতে সুদ–আসলে এ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।
২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম–১ দুদক কার্যালয়ে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি (নং ২৭) দায়ের করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
গ্রেপ্তার হওয়া মাসুদ অগ্রণী ব্যাংকের ঢাকা সার্কেল–২-এর মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দুদক জানিয়েছে—
তদন্ত ও বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে এবং মামলা পরিচালনার এখতিয়ার অনুযায়ী তাকে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অর্থ আত্মসাতের অভিযোগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল উদ্বেগ প্রকাশ করেছে।



