ভারতের কেরালায় বাংলাদেশি ভেবে এক ভারতীয় যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্র মব। নিহত যুবকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা এবং কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১৭ ডিসেম্বর কেরালার আত্তাপাল্লাতম থানা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। চুরির সন্দেহে প্রথমে রামনারায়ণকে আটক করা হয়। পরে কোনো প্রমাণ ছাড়াই তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধর শুরু করে একদল লোক।
ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল লোক রামনারায়ণকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করছে। বারবার তাকে বাংলাদেশি বলে গালি দেওয়া হচ্ছে এবং গ্রামের বাড়ি কোথায়—এমন প্রশ্ন করা হচ্ছে। তবে কোনো প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ না দিয়েই তাকে মারধর চালিয়ে যায় হামলাকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের কাছ থেকে চুরির কোনো জিনিসপত্র উদ্ধার হয়নি। ময়নাতদন্তে তার শরীরে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথায় গুরুতর আঘাত ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এই ঘটনাকে ঘিরে ভারতে মব সন্ত্রাস ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, পরিচয় যাচাই না করে কাউকে বাংলাদেশি আখ্যা দিয়ে হত্যা করা ভয়াবহ অপরাধ এবং এটি সামাজিক বিভাজনকে আরও উসকে দিচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন।



