ইরানে অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (আইএইচআরও) শুক্রবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল।
সংস্থাটির তথ্যমতে, গত ১৩ দিনের বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটেছে। যাচাইকৃত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনে সরকারবিরোধী স্লোগান উচ্চারিত হতে থাকে।
আইএইচআরও জানায়, এখন পর্যন্ত ১১টি প্রদেশে বিক্ষোভকারীদের নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বর্তমান নিহতের হিসাব কেবল সেসব ঘটনার ওপর ভিত্তি করে করা হয়েছে, যেগুলো তারা সরাসরি নিশ্চিত করেছে অথবা অন্তত দুটি স্বাধীন সূত্র থেকে যাচাই করা হয়েছে।
নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী নয়জন কিশোর-কিশোরী থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সব শিশু নিহতের সঠিক বয়স সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ এখনো চলমান।
এ ছাড়া তেহরান, মাশহাদ, কারাজের ফারদিস ও হামেদান এলাকায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এসব ঘটনা এখনো যাচাই প্রক্রিয়াধীন থাকায় আনুষ্ঠানিক নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং সহিংসতা বাড়লে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।



