26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ইরানের হামলায় ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো: ‘রেড লাইন’ অতিক্রম, পাল্টা পদক্ষেপের ইঙ্গিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো মনে করছে, ইরান তাদের সার্বভৌমত্বের ‘চরম সীমা’ বা রেড লাইন অতিক্রম করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও অবকাঠামোর ওপর হামলার ঘটনায় এসব দেশ এখন কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারী এক সংবাদ সম্মেলনে বলেন, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তার বক্তব্যে স্পষ্ট হয়, উপসাগরীয় দেশগুলো পরিস্থিতিকে আর কূটনৈতিক সতর্কবার্তার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না।

প্রতিবেদন অনুযায়ী, ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে প্রতিবেশী আরব দেশগুলোর দিকেও শত শত মিসাইল ও ড্রোন ছুড়ছে। তেহরানের লক্ষ্য—এ অঞ্চলের পর্যটন, বাণিজ্য ও জ্বালানি খাতের নিরাপদ ভাবমূর্তি নষ্ট করা। দুবাইয়ের জেবেল আলী বন্দর ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইরান ধারণা করছে আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধে প্রভাবিত করবে। তবে বাস্তবে এই কৌশল উল্টো ফল দিচ্ছে—উপসাগরীয় দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার অনুমতি যুক্তরাষ্ট্রকে দেয়নি। কিন্তু পরিস্থিতির অবনতি ঘটলে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

গাজা ও লেবাননে ইসরাইলি অভিযানের জেরে আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক এমনিতেই টানাপোড়েনে রয়েছে। তবে ইরানের সাম্প্রতিক হামলাকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ হিসেবে দেখছে জিসিসি ভুক্ত ছয়টি দেশ, যা তাদের একটি অভিন্ন অবস্থানে দাঁড় করিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই যুদ্ধ প্রতিবেশীদের সঙ্গে নয়।” তিনি সতর্ক করেন, দায়িত্বশীল আচরণ না করলে ইরান আরও গভীর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও সামরিক উত্তেজনার মুখে পড়তে পারে।

বর্তমানে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়াসহ সব ধরনের বিকল্প খোলা রেখেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যে আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে—এমন আশঙ্কাই এখন জোরালো হয়ে উঠছে।

সূত্র: বিবিসি।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles