26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে বাধা, রামগতিতে জামায়াত নেতাদের আপত্তিতে উত্তেজনা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে মঞ্চস্থ একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে বাধা দিয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। নাটকে রাজাকারের চরিত্রে পাঞ্জাবি ও টুপি পরে অভিনয় করাকে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ বলে অভিযোগ তুলে তারা মঞ্চে আপত্তি জানান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ওই দিন রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে সকালে কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ’ শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়। নাটকে মুক্তিযোদ্ধা ও রাজাকারের মধ্যকার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। এতে ১২ থেকে ১৫ জন শিক্ষার্থী অভিনয় করেন।

নাটকের এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী রাজাকারের চরিত্রে পাঞ্জাবি ও টুপি পরে অভিনয় করলে উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম এবং পৌর আমির আবুল খায়ের আপত্তি জানান। তারা কলেজের অধ্যক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন এবং দাবি করেন, এ ধরনের পোশাক ব্যবহার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও আয়োজকদের সঙ্গে জামায়াত নেতাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানসহ প্রশাসনের কর্মকর্তারা হস্তক্ষেপ করেন। পরে তাঁদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা জামায়াতের আমির আবদুর রহিম বলেন,
“পাঞ্জাবি-টুপি পরে রাজাকারের চরিত্রে অভিনয় করায় একজন মুসলমান হিসেবে আমি বিষয়টি মেনে নিতে পারিনি। তাই আমরা প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা চেয়েছিলাম। পরে ইউএনও ও ওসির মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়েছে।”

কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ আশরাফ উদ্দিন বলেন,
“এটি একটি ভুল বোঝাবুঝি ছিল। সবাই মিলে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে।”

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন,
“স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটে একটি নাটক মঞ্চস্থ হচ্ছিল। পোশাক ব্যবহারের বিষয়ে এক পক্ষ আপত্তি তোলে। কিছুটা কথা-কাটাকাটি হলেও পরে পরিস্থিতি শান্ত হয়।”

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles