ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা বিশ্লেষণে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার তালিকাভুক্ত ঝালকাঠি-১ আসনে।
নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। ভোটার সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা-১৯ আসন, যেখানে ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। তৃতীয় সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-১ আসনে— ৭ লাখ ২০ হাজার ৯৩৯ জন।
অন্যদিকে, সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে। সেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, আট লাখের বেশি ভোটার রয়েছে কেবল একটি আসনে, সেটি গাজীপুর-২। এছাড়া সাত লাখের বেশি ভোটার রয়েছে তিনটি আসনে—ঢাকা-১৯, গাজীপুর-১ ও নোয়াখালী-৪।
এ ছাড়া ছয় লাখের বেশি ভোটার রয়েছে সাতটি আসনে। এসব আসনের মধ্যে রয়েছে ময়মনসিংহ-৪, সিলেট-১, কুমিল্লা-৬, ব্রাহ্মণবাড়িয়া-৩, ঢাকা-১৮, যশোর-৩ ও কুড়িগ্রাম-২।
ভোটার সংখ্যায় তুলনামূলকভাবে বড় এমন পাঁচ লাখের বেশি ভোটার রয়েছে ৫২টি আসনে। এসব আসনের মধ্যে উল্লেখযোগ্য হলো নারায়ণগঞ্জ-৩, ময়মনসিংহ-২, বগুড়া-৫, কক্সবাজার-১ ও ৩, ঢাকা-১, রংপুর-৩ ও ৪, চট্টগ্রাম-৫, ৮ ও ১৫, সিলেট-৪ ও ৬, নোয়াখালী-৩ ও ৫সহ দেশের বিভিন্ন জেলা ও পার্বত্য এলাকার আসনগুলো।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪২ জনে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বর্তমানে ৯টি আসনে দুজন করে এবং ২২টি আসনে তিনজন করে বৈধ প্রার্থী রয়েছেন। বাকি আসনগুলোতে প্রার্থীর সংখ্যা তিনজনের বেশি।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়নি।
ইসির কর্মকর্তারা জানান, বাতিল হওয়া মনোনয়নপত্রের বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থীর। প্রার্থিতা পেতে নিজ নিজ আসনের মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও স্বাক্ষর যাচাইয়ে গরমিল পাওয়ায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
গত ৩০ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত পাঁচ দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে। মনোনয়ন বাতিল ও বৈধ প্রার্থীদের বিরুদ্ধে আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এ নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২ হাজার ৫৬৮ জন। নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ।



