স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের প্রধান শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের একজন সহযোগী। তবে তদন্তের স্বার্থে আটক সহযোগীর নাম প্রকাশ করা হয়নি।
ওই কর্মকর্তা বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি জিনাত ও বিল্লালের সঙ্গে সরাসরি জড়িত বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ডিবি অভিযান জোরদার করে এবং ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই মূল শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



