26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ভৈরবে জেলা দাবির আন্দোলনে ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা ১৫০ জনের বিরুদ্ধে — গ্রেফতার ৩

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ভৈরব রেলস্টেশনে এই ঘটনা ঘটে। জেলা ঘোষণার দাবিতে ‘ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্যমঞ্চ’-এর নেতাকর্মীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। বেলা ১২টার দিকে ট্রেনের ইঞ্জিন হুসেল দিলে হঠাৎ কয়েকজন বিক্ষোভকারী ট্রেনটির দিকে বৃষ্টির মতো পাথর ছুড়তে শুরু করে। এতে ট্রেনের জানালার কাচ ও ইঞ্জিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর ভৈরব স্টেশন মাস্টার মো. ইউছুফ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করেন। তিনি বলেন,
“সরকারি সম্পত্তির ক্ষতি এবং যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করেছি।”

রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইয়িদ আহম্মেদ বলেন,
“ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—ফাহিম, আরমান ও সাধন। ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত, তাদের শনাক্তে অভিযান চলছে।”

উল্লেখ্য, ভৈরবকে দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে কয়েক মাস ধরেই আন্দোলন করছে স্থানীয়রা। সম্প্রতি এই দাবিতে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles