26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

নিরাপত্তা জোরদারে এনসিপির ৬ নেতাকে গানম্যান, অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াধীন

জুলাইযোদ্ধা, সাবেক সমন্বয়ক, সংসদ সদস্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকে গানম্যান দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘দেশে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ৬ নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তাঝুঁকিতে থাকা মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, গানম্যান পাওয়া এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন—অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে গানম্যান চেয়েছেন।

আবেদনের ভিত্তিতে আরও কয়েকজন রাজনীতিককে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে রয়েছেন—গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভির আহমেদ রবিন (ডেমরা–যাত্রাবাড়ী), জাফির তুহিন (পাবনা-৩), জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ আরও কয়েকজন।

এ ছাড়া ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকেও বিশেষ নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। হাদির এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles