বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এই দায়িত্ব গ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়ে পড়ে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন,
“দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তুষ্টি প্রকাশ করেছে। চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করেছেন।”
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের পূর্বনির্ধারিত সফর আপাতত স্থগিত করা হয়েছে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন,
“আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন মহল নানা ধরনের চক্রান্ত করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালানো হয়েছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“এ ধরনের হত্যাকাণ্ড চলতে থাকলে দেশে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। নির্বাচন সুষ্ঠু রাখতে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে বিএনপির মহাসচিব জানিয়েছিলেন, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবেই চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হলেও এবার সেটি আনুষ্ঠানিক রূপ পেল। এখন থেকে তিনি দলীয়ভাবে ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করতে পারবেন।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(চ) অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী শুধু বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুনে ব্যবহার করতে পারবেন। তবে এসব ছবি পোর্ট্রেট আকারে হতে হবে এবং নেতৃত্বদান বা প্রার্থনারত ভঙ্গিমায় প্রদর্শন করা যাবে না। পোস্টারে চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের ছবি ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকেই তার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হয়ে আসছিল। চলতি বছরের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকতা পেল।



