বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে আলাদা বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ফরিদপুরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় তারেক রহমান বলেন, “ফজরের নামাজ জামাতে পড়ে ভোটের লাইনে দাঁড়াবেন। ভোট দিয়ে চলে গেলে হবে না—ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ আপনার ভোট অন্য কেউ দিয়ে দিতে না পারে।”
তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে। পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে এ অঞ্চলে কৃষিতে ব্যাপক উন্নয়ন সাধন করা হবে।
তারেক রহমান বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু একটি নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন। গত ১৫ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খনন করা হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। এখনো কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর নিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
মেগা প্রকল্পের সমালোচনা করে তারেক রহমান বলেন, “গত কয়েক বছরে আমরা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখেছি। এই অবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। মনে রাখবেন, এ দেশ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়—এ দেশ জনগণের।”



