বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ আজ বেঁচে থাকলে দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের সময় জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারতেন। তাঁর ভাষায়, “দুঃখ হয়—ফ্যাসিস্ট হাসিনার পতনটা তিনি দেখে যেতে পারেননি।”
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘ডিমাইজ অব ডেমোক্রেসি’ (গণতন্ত্রের মৃত্যু) বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
শেখ মুজিবের সময়ের দুঃশাসনের অভিযোগ
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার পর দেশের শাসনব্যবস্থা একদলীয় রূপ নেয় এবং রক্ষী বাহিনীর মাধ্যমে ব্যাপক নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছিল। খুলনার শান্তি সেনসহ কয়েকজন কমিউনিস্ট নেতার ওপর রক্ষী বাহিনীর নির্মম নির্যাতনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ তখন তরুণ আইনজীবী হয়েও তাঁদের মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
‘মওদুদ ছিলেন প্রকৃত গণতান্ত্রিক’
ফখরুল দাবি করেন, রাজনৈতিক জীবনে নানা অবস্থানে থাকলেও মওদুদ আহমদের লক্ষ্য ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধারের পথ খোঁজা।
তিনি বলেন,
“বিভিন্ন কারণে তিনি বিভিন্ন জায়গায় ছিলেন, কিন্তু গণতন্ত্রে ফেরার পথ কী—সেটি ভেবেই তিনি সিদ্ধান্ত নিতেন। তাঁকে মূল্যায়নের এটিই সঠিক পদ্ধতি।”
‘এ মুহূর্তে মওদুদকে খুব দরকার ছিল’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ফখরুল বলেন,
“আমরা এখন অস্থিরতার মধ্যে আছি। মওদুদ আহমদের মতো ব্যক্তিত্ব এই সময়ে দিশা দেখাতে পারতেন।”
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের পরিবর্তনের নেপথ্যে যারা ছিলেন, তাদের জন্য এই বই বিশেষভাবে প্রয়োজনীয়।



