26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় এ অঞ্চলে তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, হিমালয় নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার প্রভাব বেশি পড়ছে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই সকাল ও সন্ধ্যার পর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো এলাকা। সূর্যের দেখা মিলছে না বললেই চলে।

তীব্র শীত ও একটানা কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, চা শ্রমিক ও পাথর শ্রমিকরা। প্রচণ্ড ঠান্ডায় কাজ করতে না পারায় তাদের আয় কমে গেছে। ফলে শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটছে চরম দুর্ভোগে। অনেকের কাছে শীতের প্রতিটি রাত যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে।

এদিকে শিশু ও বৃদ্ধরাও পড়েছেন মারাত্মক ঝুঁকিতে। প্রতিনিয়ত সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা শীতজনিত রোগে আক্রান্তদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাকৃতিক এই বৈরী পরিস্থিতি থেকে অসহায় মানুষদের রক্ষা করতে সমাজের বিত্তবান ও সহায়তাকারী সংগঠনগুলোর প্রতি এগিয়ে আসার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় শীত ও কুয়াশার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles