গত বছর ভারত সফরের পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পটপরিবর্তন, বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ এবং পরবর্তী পরিস্থিতির কারণে এখনও দেশে ফিরতে পারেননি একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। ফলে বিদেশের বিভিন্ন লিগেই ব্যস্ত সময় কাটছে তাঁর।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে প্রথমবার মুখ খুলেছেন সাকিব। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
“আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি। আমার প্ল্যান—বাংলাদেশে ফিরে তিন ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া। এটাই আমার চাওয়া।”
‘শেষ সিরিজে ভালো খেললেও সিদ্ধান্ত বদলাব না’
শেষ সিরিজে দারুণ পারফরম্যান্স করলে কি সিদ্ধান্ত বদলাবেন? এমন প্রশ্নে সাকিবের দৃঢ় জবাব—
“না, একদমই না। নিজের কথায় অটল থাকা দরকার। আমি ভালো বা খারাপ খেলি—কিছুই বদলাবে না। সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই একটি হোম সিরিজ খেলে বিদায় নিতে চাই।”
ব্যাটিং বেশি উপভোগ করেন, সাফল্য এসেছে বোলিংয়ে
ব্যাটিং-বোলিং প্রশ্নে সাকিব বলেন,
“ব্যাটিং বেশি উপভোগ করি, কারণ এতে বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমার বড় সাফল্য এসেছে বোলিং থেকে।”
‘বাংলাদেশে আমার জীবন ছিল স্বাভাবিক’
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সাকিব বলেন,
“আমি কখনও খুব ‘নরমাল লাইফ’ চাইনি। ছোটবেলা থেকেই কঠোর নিয়মানুবর্তিতায় অভ্যস্ত ছিলাম। মাগুরায় গেলে জীবনটা স্বাভাবিক লাগত, তাই ও জায়গাটা আমার কাছে খুব প্রিয়।”
নিউইয়র্কের জীবনে স্বস্তি
বর্তমানে নিউইয়র্কেই সময় কাটাচ্ছেন তিনি।
“এখানে চাইলে অনেক বাংলাদেশির সঙ্গে থাকতে পারি, আবার একলা থাকাও সম্ভব—এটাই ভালো দিক,” বলেন সাকিব।
দেশে ফিরতে চান নিশ্চয়ই
বাংলাদেশে ফেরার ব্যাপারে সাকিবের উত্তর ছিল খুব পরিষ্কার—
“অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে, অবশ্যই দেশে ফিরে যাব।”



