26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

নিউইয়র্কের আদালতে মাদুরো: ‘আমি নির্দোষ, আমি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার দুই দিন পর নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে দেশটির অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে শুনানিকালে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং দৃঢ় কণ্ঠে নিজের প্রেসিডেন্সির বৈধতা তুলে ধরেন।

মাদক-সন্ত্রাস, ষড়যন্ত্র ও অর্থ পাচারসহ একাধিক গুরুতর মার্কিন ফেডারেল অপরাধে অভিযুক্ত ৬৩ বছর বয়সী মাদুরো আদালতকে উদ্দেশ করে বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।’

আদালত কক্ষে হাজির হওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের শার্ট ও বেইজ রঙের প্যান্ট। দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, গত শনিবার (৩ জানুয়ারি) তাকে কারাকাসের নিজ বাসভবন থেকে ‘অপহরণ’ করে যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং এখানে আমাকে বন্দি করে রাখা হয়েছে।’

তবে তার বক্তব্য দীর্ঘ হলে বিচারক তাকে থামিয়ে কেবল নিজের নাম জানানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত জানিয়ে দেয়, তার শাসনের অধ্যায় শেষ হয়েছে।

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত তাদের দুজনেরই জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মার্চ

এদিকে মাদুরোকে আটকের ঘটনার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তার সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। একই দিনে মাদুরোর সাবেক ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

উল্লেখ্য, গত শনিবার ভোরে মার্কিন কমান্ডোরা বিমান হামলা ও নৌবাহিনীর সহায়তায় কারাকাসে এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে। অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, এখন থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। বিশেষ করে দেশটির বিশাল তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগে দেশটিকে ঠিক করতে হবে। এখন ভোট দেওয়ার মতো পরিস্থিতি নেই।’ তিনি স্পষ্ট করে দেন, আগামী মাসে ভেনেজুয়েলায় কোনো নির্বাচনের সম্ভাবনা নেই।

এই রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। সোমবার মার্কিন তেল কোম্পানি শেভরন, এক্সনমোবিল ও কনোকোফিলিপসের শেয়ারের দাম বেড়েছে। একই সঙ্গে ডাও জোন্স ও লন্ডনের এফটিএসই ১০০ সূচক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

তবে পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সাবেক মার্কিন কূটনীতিক ব্রায়ান নারাঞ্জো বলেন, ডেলসি রদ্রিগেজের ক্ষমতা এখনো স্থিতিশীল নয়। দিওসদাদো কাবেয়ো ও জর্জ রদ্রিগেজের মতো প্রভাবশালী নেতারা যেকোনো সময় ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারেন।

এদিকে ট্রাম্পের এই আগ্রাসী নীতির বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। তিনি ইতোমধ্যে কিউবা ও ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হয়েছে। হাভানা দাবি করেছে, কারাকাসের অভিযানে অন্তত ৩২ জন কিউবান নিহত হয়েছেন। যদিও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সদস্য নিহত হয়নি।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles