জনগণ দায়িত্ব দিলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত—এ মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, দুর্নীতি আজ দেশের প্রতিটি মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে।
চাকরি খুঁজতে যাওয়া শিক্ষার্থী, কৃষকের সরকারি সেবা পেতে ভোগান্তি, হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা করা পরিবার কিংবা ব্যবসা টিকিয়ে রাখতে ঘুষ দিতে বাধ্য উদ্যোক্তা—সবখানেই দুর্নীতি মানুষের অগ্রগতি থামিয়ে দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, খাবারের দাম বৃদ্ধি, শিক্ষার মানহানি, সড়কে নিরাপত্তাহীনতা—সবকিছুর পেছনে একই কারণ, তা হলো দুর্নীতি।
‘বিএনপির আমলেই ছিল প্রকৃত অগ্রগতি’
তারেক রহমান লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন কিছু নয়।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস স্মরণ করিয়ে দেয় সেই সময়কে, যখন বাংলাদেশ জবাবদিহি ও স্বচ্ছতার দিকে বাস্তব অগ্রগতি করেছিল—আর সেই অগ্রগতি এসেছিল বিএনপির আমলে।
তিনি উল্লেখ করেন—
- রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ও পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করেছিলেন।
- এরপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে আধুনিক ক্রয় নীতি, কঠোর আর্থিক আইন ও অডিট ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ২০০৪ সালে দুদক গঠন ছিল সবচেয়ে বড় পদক্ষেপ, যা ছিল রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান।
টিআইবির জরিপেও ২০০২–২০০৫ সালের মধ্যে দুর্নীতি কমার প্রমাণ পাওয়া যায় বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির সংস্কারের তালিকা নিয়ে তারেক রহমান
ফেসবুক পোস্টে তিনি বিএনপির শাসনামলের কিছু উল্লেখযোগ্য উন্নতির কথা তুলে ধরেন:
- শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন
- স্বচ্ছ সরকারি ক্রয় ব্যবস্থা
- টেলিকম, মিডিয়া ও বিমান পরিবহন খাতে উন্মুক্ত বাজার
- ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রশাসনিক স্বচ্ছতা
তার ভাষায়, “দুর্নীতি কমানোর ধারাবাহিক রেকর্ড কেবল বিএনপিরই আছে।”
আগামী দিনের করণীয়: দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর যুদ্ধ
তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান, যার মধ্যে আছে—
- স্বাধীন আদালত, দুদক ও নির্বাচন কমিশন
- রিয়েল–টাইম অডিট ও সম্পদ বিবরণী বাধ্যতামূলক করা
- পেশাদার পুলিশিং ও দ্রুত বিচার
- অনলাইন সেবা (ই–গভর্ন্যান্স) দিয়ে ঘুষ কমানো
- হুইসলব্লোয়ার সুরক্ষা আইন
- স্কুল–কলেজে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা
- ডিজিটাল ব্যয় ট্র্যাকিংসহ শক্তিশালী আর্থিক নজরদারি
তারেক রহমানের দাবি—
“জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত।”



