26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

হাদির হত্যাচেষ্টা: হামলাকারী ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাদির হত্যাচেষ্টায় যারা জড়িত, তাদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার দেবে। আমরা সবাই তার জন্য দোয়া করছি। সবার দোয়ায় তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। ‘আশা করছি, সবার সহযোগিতায় খুব দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট শক্তির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়াতে হবে। এতদিন কেবল সরকারি কর্মচারীদের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও চাইলে বৈধভাবে অস্ত্রের লাইসেন্স পাবেন। আগে জমা দেওয়া অস্ত্র থাকলে সেগুলোও ফেরত দেওয়া হবে।’

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ‘তাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে,’ বলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জোরালো হয়েছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles