26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঢাকায় গুলিবিদ্ধ হাদির বাড়িতে চুরি: গ্রামের ফাঁকা ঘরে জানালা ভেঙে ঢোকে চোর

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এই পরিস্থিতির মধ্যেই তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি উপজেলার শহরের খাসমহল এলাকায় অবস্থিত হাদির পারিবারিক বাসায় গতকাল শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে চুরির ঘটনা ঘটেছে এবং কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, হাদি ও তার মা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন। নলছিটির বাড়িতে তার বোন মাসুমা বেগম ও ভগ্নীপতি মনির হোসেন থাকতেন। কিন্তু হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত ঢাকায় চলে যান। সেই সুযোগেই বাড়িটি ফাঁকা পেয়ে জানালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে।

তিনি আরও বলেন, চুরির ঘটনায় কী কী মালামাল নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে খুলি খুলে রাখা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থার খবর পেয়ে ঘটনার দিনই পরিবারের সদস্যরা নলছিটি থেকে ঢাকায় রওনা দেন।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যখন পরিবার ও সমর্থকরা উদ্বেগে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই গ্রামের বাড়িতে চুরির ঘটনা নতুন করে শঙ্কা ও উৎকণ্ঠা তৈরি করেছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles