রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে।
দুর্ঘটনার পরপরই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং কখন পুনরায় চালু হবে তা এখনো নিশ্চিত নয়।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, উড়াল পথের পিলারের সঙ্গে থাকা রাবারের বিয়ারিং প্যাডগুলো মেট্রোরেল কাঠামোর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলোর কোনোটি স্থানচ্যুত হলে বা খুলে পড়লে উড়ালপথ দেবে যাওয়ার ঝুঁকি থাকে।
এর আগে গত বছর সেপ্টেম্বরে একই এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ার একটি ঘটনা ঘটে। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। পরপর দুইবার একই ধরনের দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ একটি ভারী বস্তু নিচে পড়ে গেলে আশপাশে থাকা মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা দেখতে পান, একজন পথচারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে যান চলাচলে সাময়িক স্থবিরতা সৃষ্টি হয় এবং মেট্রোরেল কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছে।



