26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘শেখা শেষ, এবার প্রতিদান দেওয়ার সময়’—লিটন দাসের নতুন বার্তা বাংলাদেশ ক্রিকেটে

বাংলাদেশ ক্রিকেটে একটি বাক্য প্রায় প্রবাদে পরিণত—‘আমরা শিখছি’। হারলেই ক্রিকেটারদের মুখে শোনা যায় এই শেখার কথা। দুই যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে খেলার পরও এই “শেখার পর্যায়” যেন শেষ হয় না—এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নিয়মিত আলোচনা ও সমালোচনা।

তবে এবার ‘শেখা’ প্রসঙ্গে নতুন সুর শোনা গেল বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে লিটন স্পষ্টভাবে বলেন,
“আমি তো কোনো দিন বলি নাই (শেখার কথা)। এটার উত্তর আমার কাছে নাই। যদি আমি বলতাম শিখছি বা নতুন কোনো ধারাবাহিকতা তৈরি করতে যেতাম, তাহলে হয়তো এই উত্তর দিতে পারতাম।”

লিটনের মতে, এখন শেখার সময় নয়, বরং প্রত্যাশার প্রতিদান দেওয়ার সময়। তিনি বলেন,
“একেকজনের একেক ধরনের চিন্তাভাবনা থাকে (শেখার বিষয়ে)। আমার মনে হয়, বাংলাদেশ দল অনেক দিন ধরে ক্রিকেট খেলছে, এখন যেসব খেলোয়াড় খেলছে—আশা করব তারা প্রত্যাশার প্রতিদান দেবে।”

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন লিটন। তিনি মনে করিয়ে দেন, সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ চারটি ম্যাচ জিতে হয়েছিল সপ্তম স্থানে—যার মধ্যে তিনটি জয় এসেছে বিদেশের মাটিতে।
“বাংলাদেশের জন্য ৩-৪–এ থাকা টেস্টে বিশাল অর্জন। সব সময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমরা তো কখনো ভারত-অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নিয়মিত হারাতে পারিনি। তারপরও যখন এভাবে অবস্থান করি, মানে বড় কিছুই করেছি,” বলেন লিটন।

টি-টোয়েন্টিতে নিজের অধিনায়কত্বে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। ঘরে-বাইরে টানা চারটি সিরিজ জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা। তবে ওয়ানডেতে চিত্রটা ভিন্ন—টানা চার সিরিজ হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশেষে জয়ের দেখা পেয়েছে তারা।

ওয়ানডে নিয়ে বাস্তববাদী লিটনের মন্তব্য,
“টি-টোয়েন্টিটা দিন দিন ভালো হচ্ছে আমাদের। যদিও অতীত খুব একটা ভালো ছিল না, কিন্তু আমরা অনেকখানি এগিয়েছি। ওয়ানডেতে আমাদের অতীত ভালো ছিল, ওখান থেকে আরও এগোনো উচিত ছিল। সবাই মিলে চিন্তা করছি কীভাবে পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।”

চট্টগ্রামে সিরিজ শুরুর আগে লিটনের এই বাস্তববাদী ও আত্মবিশ্বাসী সুর যেন নতুন করে আশার আলো জ্বালাল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে—‘শেখা নয়, এখন প্রতিদান দেওয়ার সময়।’

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles