বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক হলে দক্ষিণ এশিয়া অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ চেতনা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।
এস জয়শঙ্কর বলেন, “এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। নির্বাচন নিয়ে আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করছি, নির্বাচনের পর পরিস্থিতি স্থিতিশীল হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী মনোভাব আরও বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার স্বল্প সময়ের জন্য ঢাকায় সফর করেন এস জয়শঙ্কর। গণ–অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ছিল ভারতের সর্বোচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা সফরকালে তিনি খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা হস্তান্তর করেন।
চেন্নাইয়ের অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, ভারতের প্রতিবেশীরা দুই ধরনের—ভালো ও মন্দ। তবে অধিকাংশ প্রতিবেশী দেশই বিশ্বাস করে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদেরও উন্নয়ন ঘটবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে এই বার্তাই তিনি ব্যক্ত করেছেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির আলোকে ‘প্রতিবেশী প্রথম’ নীতি কীভাবে নতুনভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, সুপ্রতিবেশী সম্পর্ক থাকলে ভারতসহ পুরো অঞ্চলই উপকৃত হবে।



