লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে। বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের অবস্থান লক্ষ্য করে ইসরাইলি হামলার জবাবেই এ পাল্টা আঘাত বলে জানিয়েছে সংগঠনটি। খবর দিয়েছে মিডল ইস্ট আই।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও মেরন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য, “লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরাইলের আগ্রাসনের জবাবে” এসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এছাড়া অধিকৃত গোলান হাইটস-এর একটি সামরিক স্থাপনাতেও রকেট হামলার দাবি করেছে তারা।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে বৈরুত-এ ধারাবাহিক হামলা চালায় ইসরাইলি বাহিনী। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে শুরু হওয়া এ অভিযানে লেবাননের সরকারি তথ্য অনুযায়ী একদিনেই অন্তত ৫২ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন।
সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।



