মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে নেতানিয়াহুর অনুপস্থিতি ঘিরে ইসরায়েলে নানা জল্পনা শুরু হয়েছে।
আইআরজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যদি এই “অপরাধী” জীবিত থাকে, তবে তাকে ধাওয়া করে হত্যার অভিযান চালিয়ে যাওয়া হবে। বিবৃতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম Roya News জানিয়েছে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই তার অনুপস্থিতি দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রবিবার (১৫ মার্চ) মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয় ইসরায়েলের বিশেষ নিরাপত্তা ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠক। সাধারণত এ ধরনের বৈঠক নিজেই পরিচালনা করেন নেতানিয়াহু। তবে এবার তার পরিবর্তে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা বৈঠকের নেতৃত্ব দেন।
প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে সভাপতিত্ব করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর অনুপস্থিতি অনেককেই বিস্মিত করেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত তার অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর মধ্যেই আইআরজিসির পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।



