উত্তর-পূর্ব জাপানে আঘাত হানা ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ ঘর ছাড়া হতে বাধ্য হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে এই ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসির।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, গভীরতা ৫০ কিলোমিটার।
সুনামি সতর্কতা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও ট্রেন বন্ধ
ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি হয়, যদিও পরে তা প্রত্যাহার করা হয়েছে। উপকূলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উঁচু ঢেউ আঘাত হানে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং উত্তরের কয়েকটি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
৯০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
রয়টার্স জানায়, বিপর্যস্ত অঞ্চল থেকে প্রায় ৯০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আওমোরি প্রিফেকচার জানিয়েছে, এখনো ২,৭০০ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে।
আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা
জাপানি কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, আগামী কয়েক দিনে আরো প্রবল আফটারশক হতে পারে। তাই নাগরিকদের অন্তত এক সপ্তাহ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন,
“প্রতিদিনের ভূমিকম্প প্রস্তুতি আবারও যাচাই করুন—আসবাবপত্র শক্তভাবে স্থাপন করুন এবং কম্পন অনুভূত হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।”



