সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের নেতা শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে শফিকুল আলম লেখেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাঁকে অবহিত করেন। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে পোস্টে উল্লেখ করা হয়।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর অবস্থার অবনতি ঘটে।
গত রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে এক জরুরি কল কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদি।
এরপর সোমবার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যেই তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।



