26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

কুড়িগ্রামে আবার তীব্র শীত, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

কয়েক দিনের বিরতির পর কুড়িগ্রামে ফের জেঁকে বসেছে তীব্র শীত। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে।

ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় জেলার বিভিন্ন এলাকা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই প্রচণ্ড ঠাণ্ডার কারণে সকালে কাজে বের হতে পারেননি।

কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলেও। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মেনতাজ আলী বলেন, ‘কয়েক দিন শীত কম ছিল। হঠাৎ করেই আবার ঠাণ্ডা বাতাস শুরু হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন এ ধরনের শীত অব্যাহত থাকতে পারে।’

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles