26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

শিল্পখাতে বড় প্রণোদনা সৌদি আরবের, প্রবাসী কর্মীদের আকামা ফি সম্পূর্ণ মওকুফ

নিজেদের শিল্পখাতকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির লাইসেন্সপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আকামা বা ওয়ার্ক পারমিট ফি সম্পূর্ণ মওকুফ করার অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদ (সিইডিএ)-এর সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট। প্রায় ৭–৮ বছর পর সৌদি আরবে শিল্পখাতে কর্মরত প্রবাসীদের ওপর আরোপিত এই লেভি ফি বাতিল করা হলো।

দেশটির শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী বন্দর আলখোরাইফ বলেন, শিল্প খাতের কর্মীদের জন্য প্রবাসী ফি বাতিলের এই সিদ্ধান্ত সৌদি আরবের টেকসই শিল্প উন্নয়নকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, “এই সিদ্ধান্ত ক্রাউন প্রিন্সের ধারাবাহিক সমর্থনের প্রতিফলন। সৌদি ভিশন ২০৩০ অনুযায়ী শিল্প খাতকে জাতীয় অর্থনীতির বৈচিত্র্যকরণের অন্যতম মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, এই পদক্ষেপ সৌদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে এবং তেলনির্ভরতা কমিয়ে বহুমুখী রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে। আকামা ফি মওকুফের ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ কমবে, যা নতুন বিনিয়োগ, কারখানা সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

এ ছাড়া স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক উৎপাদন প্রযুক্তি গ্রহণে শিল্পপ্রতিষ্ঠানগুলো আরও উৎসাহিত হবে বলে মনে করেন তিনি। এর ফলে দক্ষতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে সৌদি শিল্পের অবস্থান আরও সুদৃঢ় হবে।

ভবিষ্যতেও শিল্প খাতের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সৌদি সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানান শিল্প ও খনিজ সম্পদমন্ত্রী।

সূত্র: সৌদি গ্যাজেট

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles