র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, র্যাবের নাম পরিবর্তন নিয়ে একটি কমিটি সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ (অর্ডার) জারি করা হবে।
র্যাবের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র্যাব প্রথমবার জনসমক্ষে আসে। একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা দায়িত্ব পালনের মাধ্যমে সংস্থাটি প্রথম অপারেশনাল কার্যক্রমে যুক্ত হয়। পরবর্তীতে ২০০৪ সালের ২১ জুন থেকে র্যাব পূর্ণাঙ্গভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করে।
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাঠামো ও পরিচয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



