26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঢাবির উপাচার্যের পদ ছাড়ার আবেদন নিয়াজ আহমদ খানের, মূল পদে ফেরার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খান পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন। আজ রোববার দুপুরে ঢাবির জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন–এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়িয়ে তাঁর মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন।

গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছিলেন নিয়াজ আহমদ খান। সেদিন তিনি বলেন, দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে বলে মনে করছেন এবং তিনি সরে দাঁড়াতে চান। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিলেন তিনি।

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এ ক্ষেত্রে তাঁর সহযোগিতা কামনা করেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষা খাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

একটি ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে ধন্যবাদ জানান এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় এখন উপাচার্যের পদত্যাগ কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করছে।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles