26.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

ক্যাম্পাস থেকে ক্যাবিনেট: ছাত্রদলের পাঁচ সাবেক নেতা মন্ত্রিসভায়, তরুণ নেতৃত্বে আস্থার বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক পাঁচজন কেন্দ্রীয় নেতা। একসময় ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় থাকা এসব নেতা এখন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন—যা রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।

নতুন মন্ত্রিসভায় রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকুরাজীব আহসান। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ-ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন।

কে কোন দায়িত্বে

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পূর্ণমন্ত্রী হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং এবার নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। রাজীব আহসান ও হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন।

তরুণ নেতৃত্বে আস্থা

দলীয় সূত্রগুলোর দাবি, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সংযোগ বিবেচনায় নিয়েই তাঁদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্রদল দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম প্রধান সহযোগী সংগঠন হিসেবে জাতীয় রাজনীতির জন্য নেতৃত্ব তৈরি করে আসছে। অতীতেও এই সংগঠন থেকে উঠে আসা বহু নেতা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে একসঙ্গে পাঁচজন সাবেক ছাত্রনেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

প্রজন্মগত ভারসাম্যের বার্তা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্ররাজনীতির প্রতিযোগিতামূলক পরিবেশে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা তৈরি হয়, যা প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়ক হতে পারে। দলের ভেতরে এই অন্তর্ভুক্তিকে প্রজন্মগত ভারসাম্য আনার উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। জ্যেষ্ঠ নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি মধ্যপ্রজন্ম ও তুলনামূলক তরুণ নেতাদের সামনে আনা হলে সরকার পরিচালনায় গতিশীলতা বাড়বে—এমন প্রত্যাশা রয়েছে।

তবে চ্যালেঞ্জও কম নয়। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং প্রশাসনিক সংস্কার—এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে নতুন দায়িত্বপ্রাপ্ত এসব নেতার সক্ষমতার পরীক্ষা দিতে হবে। ছাত্ররাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উত্তরণের এই অধ্যায় কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।

Related Articles

Stay Connected

5,000FansLike
4,000FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles