ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভোররাতে এক তরুণের লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে এক নারীর দিকে এগিয়ে যাচ্ছেন। সহপাঠীদের দাবি, ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়–এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে আরও একজন শিক্ষার্থীকে দেখা যায়, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষার বলে পরিচিতজনেরা জানিয়েছেন। তবে অভিযুক্ত দুই শিক্ষার্থীর কারও বক্তব্য পাওয়া যায়নি। রাকিবের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং তুষার ফোন রিসিভ করলেও কথা বলেননি।
ভিডিওতে দুই নারীকে দেখা যায়। তাঁদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে যান ওই তরুণ। ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে বিচার দাবি করতে দেখা যায়। তিনি জানান, পুরান ঢাকায় সেহরি খেয়ে তাঁরা টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাঁদের হেনস্তা করা হয়। ভিডিওতে ওই নারী অভিযোগ করেন, তাঁদের ‘প্রোস্টিটিউট’ বলে সম্বোধন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁরা নিরাপদ নন।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া বলেন, তাঁরা বিষয়টি সম্পর্কে অবগত নন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শিক্ষার্থীদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



