কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি গ্যাস পাম্পে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের সদস্যসহ অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তাপ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আদর্শ গ্রাম এলাকাতেও।
বুধবার সন্ধ্যার দিকে পাম্পে আগুনের সূত্রপাত হয়। রাত ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণের পর পার্কিংয়ে থাকা কয়েকটি জিপে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন নিরাপদ স্থানে সরে যান।
কক্সবাজার সদর মডেল থানা–র ওসি ছমি উদ্দিন জানান, বিভিন্ন স্থানে আগুন ধিকিধিকি জ্বলতে দেখা গেছে। এখন পর্যন্ত ৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
অগ্নিকাণ্ডে পাম্পে থাকা অন্তত ৭ থেকে ৮টি গাড়ি পুড়ে গেছে। বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর আরও দুটি অগ্নিনির্বাপক দল যোগ দেয়। পাহাড়ের ওপর থেকে এবং বিভিন্ন দিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্যসহ ৯ জন দগ্ধ হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও চার থেকে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাজুড়ে এখনো সতর্কতা জারি রয়েছে।



