আগামী পহেলা বৈশাখ উপলক্ষে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ সংসদ সচিবালয়-এ কৃষক কার্ড বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে কৃষক কার্ড কর্মসূচির বিভিন্ন দিক, বাস্তবায়ন পদ্ধতি এবং উদ্বোধনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচিটি দেশের কৃষকদের জন্য সরকারি বিভিন্ন সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই চালু করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী **মীর শাহে আলম**সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক সেবা প্রদান, সরকারি সহায়তা ও কৃষি ভর্তুকি বিতরণ আরও সহজ ও স্বচ্ছ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



